গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শিশু আল আমিন হত্যা মামলার প্রধান আসামি জয়নাল মিয়া গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর বিচারিক হাকিম আদালতের বিচারক মাহবুবা আক্তারের সামনে জয়নালকে হাজির করা হয়। এ সময় তিনি হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।
নিহত আল আমিন (৬) কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার মো. জুয়েল রানার ছেলে। পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, জয়নাল তাঁর মা ও ভাইবোনদের সঙ্গে জীবিকার খোঁজে চার বছর আগে তেলিরচালা এলাকায় আসেন। পরে এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে জয়নাল ও তাঁর মা নুরেছা বেগম স্থানীয় একটি কারখানায় এবং বোন নিশিতা আক্তার আরেকটি কারখানায় কাজ নেন।
জয়নালের ভাড়া বাসার পাশের বাড়িটি জুয়েল রানার। জুয়েলের সংসারে আল আমিন ছাড়াও আরেক সন্তান আছে। জুয়েল রানার সঙ্গে নিশিতার সম্পর্ক ছিল। এ নিয়ে জুয়েল ও নিশিতার পরিবারের মধ্যে বিরোধ হয়েছিল। পরে নিশিতাকে তাঁর পরিবার বগুড়ায় বিয়ে দেয়। তবে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে জয়নাল এক শিশুকে দিয়ে জুয়েলের ছেলে আল আমিনকে বাড়ি থেকে ডেকে আনান। এরপর ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করে নিজ ঘরে লুকিয়ে রাখেন। ওই দিন রাতের কোনো একসময় আল আমিনকে শ্বাসরোধে হত্যা করেন জয়নাল। পরে লাশ বাড়ির পাশের ডাইং কারখানার একটি ড্রেনে ফেলে দেন।
এদিকে আল আমিনকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি জুয়েল রানা। গত বুধবার সকালে জানা যায়, তেলিরচালা এলাকার এক ছেলের সঙ্গে আল আমিনকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরে ওই ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে ১০ টাকা দিয়ে আল আমিনকে বাড়ি থেকে ডেকে আনতে বলেন জয়নাল। এরপর সে আর কিছু জানে না। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বুধবার দিবাগত রাত তিনটার দিকে গলায় রশি প্যাঁচানো ও হাত-পায়ের রগকাটা অবস্থায় আল আমিনের লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, আসামিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।