কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাওসার মিয়া নামে এক শিশুকে হত্যার দায় স্বীকার করে তার চাচা সোহাগ মিয়া জানিয়েছেন, ক্ষোভ থেকে তিনি ভাতিজার বুকে লাথি মারেন। লাথির আঘাতে কাওসার ঘটনাস্থলেই মারা যায়।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহাগ মিয়া এসব তথ্য দেন। গত সোমবার সন্ধ্যায় সোহাগের জবানবন্দি রেকর্ড করেন কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলাম।
কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, জবানবন্দিতে সোহাগ আরও জানান, কাওসারের বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এ কারণে কাওসার থাকত তাঁদের কাছে। গত বৃহস্পতিবার বিকেলে মাঠে ঘাস কাটতে যাওয়ার জন্য তিনি কাঁচির খোঁজ করছিলেন। তখন দেখেন, কাওসার লাঠিতে কাঁচি লাগিয়ে ঘরের চালা থেকে শিম পাড়ছে। বারবার চাইলেও কাওসার তাঁকে কাঁচিটি দিচ্ছিল না। একপর্যায়ে ওই কাঁচি দিয়ে বিদ্যুতের তার কেটে ফেলে কাওসার। এতে সোহাগ ক্ষুব্ধ হয়ে কাওসারকে লাথি মারেন।
ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। কাউসারের মৃত্যুর পর ভয় এবং লজ্জায় লাশ লুকিয়ে ফেলার পরিকল্পনা করেন সোহাগ। শেষে লাশটি পাশের ঝোপে নিয়ে লুকিয়ে রাখেন। রাত চারটার দিকে লাশটি বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর পাড়ে ফেলে আসেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে উপজেলা সদরের ব্যাপারীপাড়া এলাকার নদীর তীর থেকে কাওসারের (৬) লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। রোববার সকালে নিজ বাড়ি উপজেলার উসমানপুর ইউনিয়নের চৌহদ্দি গ্রাম থেকে সোহাগকে (২০) গ্রেপ্তার করা হয়।