আদালতে ছাত্রদল নেতার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আহমেদ উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল শুক্রবার আদালতে জবানবন্দি দিয়েছেন।
ঢাকার আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শওগাতুল আলম জানান, ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহিনুর রহমানের আদালতে ওয়াসিম আহমেদ এই স্বীকারোক্তি দেন। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ওয়াসিম আহমেদ বলেন, ছাত্রদলের শহীদ রফিক-জব্বার হলের সভাপতি আশরাফুল ইসলামের নির্দেশে তিনি এবং ওই হলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের কর্মী মুরাদ হোসেন গত সোমবার রাত আটটার দিকে উপাচার্যের বাসভবন এলাকায় অবস্থান নেন। রাত সাড়ে আটটার দিকে তিনি (ওয়াসিম) একটি ককটেল নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবন থেকে কিছু দূরে অবস্থান নেন। আর আশরাফ ও অপর দুজন বাসভবনের প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় দৌড়ে পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও পথচারীদের কাছে ককটেলসহ তিনি ধরা পড়েন।
এসআই জানান, ঘটানার পরদিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ওয়াসিমসহ চারজনকে আসামি করা হয়। ওই দিনই সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার এক দিন আগে গতকাল তাঁকে আদালতে সোপর্দ করে জবানবন্দি নেওয়া হয়। আদালতে ওয়াসিম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ওয়াসিম ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার পর থেকে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।