আদালতে জবানবন্দি দিল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার মেয়েটি আদালতে নির্যাতনের আদ্যোপান্ত বর্ণনা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায় তাঁর খাসকামরায় নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় মেয়েটির বক্তব্য রেকর্ড করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে বাদী ঘটনার যে বর্ণনা দিয়েছেন, মেয়েটির বক্তব্যও প্রায় অভিন্ন। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে আদালতের নির্দেশে মেয়েটির ডাক্তারি পরীক্ষা গত সোমবারই সম্পন্ন হয়েছে।

১১ আসামি রিমান্ডে

ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় প্রধান আসামি তুফান সরকারসহ এজাহারভুক্ত নয়জন এবং সন্দেহভাজন দুজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও প্রতিবাদ

ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে গতকালও শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।