আদালতে জবানবন্দি দিলেন আনসারুল্লাহর মুফতি জসীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হত্যা মামলায় উগ্রপন্থী গোপন সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি নিজেকে জড়িয়ে কিছু বলেননি বলে জানা গেছে।
রিমান্ডে থাকা মুফতি জসীমউদ্দিনকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন জানায়। মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নুর তাঁর খাসকামরায় মুফতি জসীমের জবানবন্দি গ্রহণ করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মোহাম্মদপুর থানার একটি মামলায় নতুন জঙ্গি সংগঠন আনসারুল্লাহর চার সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, মুফতি জসীমউদ্দিন জবানবন্দিতে বলেন, তিনি ভারতে ধর্মীয় বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। দেশে এসে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তিনি ইসলাম অবমাননা ও ইসলাম সম্পর্কে কটূক্তি করার বিষয়ে ইসলামে শাস্তি এবং করণীয় নিয়ে বই লিখেছেন। তাতে ইসলাম সম্পর্কে অবমাননা ও কটূক্তি করার বিষয়ে শাস্তির কথা বলা হয়েছে।
মুফতি জসীম বলেন, তিনি রাজধানীর বছিলায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসায় তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে বয়ান করতেন। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র তাঁর মাদ্রাসায় যাওয়া-আসা করতেন। এতে তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, বছিলায় তিনি প্রতি শুক্রবার জুমার নামাজের খুতবা দিতেন। তখন তিনি তাঁর লেখা উন্মুক্ত তরবারী বইয়ে ইসলাম অবমাননার শাস্তির বিষয়ে বয়ান করেছেন। তাঁর খুতবা শুনে বা বই পড়ে কেউ কেউ অনুপ্রাণিত হয়ে রাজীব হত্যায় জড়িত হতে পারেন।
গত ১২ আগস্ট গোপন বৈঠক থেকে মুফতি জসীমকে ৩০ জন অনুসারীসহ বরগুনার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে ব্লগার রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।