আদালতে জবানবন্দি দিলেন দুই নারী জঙ্গি
রাজধানীর আশকোনা জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার দুই নারী ‘জঙ্গি’ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দুই নারী হলেন নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার (শিলা) ও জঙ্গি মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষা মণি।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিয়াকত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্র বলছে, ওই নারীরা জবানবন্দিতে আদালতে বলেছেন, দুজনই স্বামীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে জড়িয়েছেন। তাঁরা এখন অনুতপ্ত। স্বাভাবিক জীবনে ফিরতে চান।
এর আগে ২ জানুয়ারি এই দুই নারী ‘জঙ্গি’র ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গত বছরের ২৬ ডিসেম্বর তাঁদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আশকোনায় পুলিশের অভিযানের সময় জেবুন্নাহার ও তৃষ্ণা মণি দুই শিশুকে নিয়ে গত ২৪ ডিসেম্বর আত্মসমর্পণ করেন। আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা করে পুলিশ। মামলার অপর আসামিরা হলেন শাকিরা ওরফে তাহিরা (৩৫), আফিফ কাদেরী ওরফে আদর (১৪), মো. মাইনুল ইসলাম ওরফে আবু মুসা (২৯), রাশেদুর রহমান ওরফে সুমন (২৪), মো. সেলিম (২৬) ও মো. ফিরোজ (২০)। তাঁদের মধ্যে শাকিরা ও আফিফ অভিযানের সময় নিহত হন। এজাহারে শাকিরা, সুমন, সেলিম ও ফিরোজের বাবার নাম ও ঠিকানা ‘অজ্ঞাত’ বলা হয়েছে।
মামলায় বলা হয়, অভিযান শেষে ধরা পড়া নারী জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নব্য জেএমবির শীর্ষ নেতা মাইনুল ইসলাম ওরফে আবু মুসা তিন থেকে চার মাস আগে আশকোনার বাসাটি ভাড়া নিয়ে পলাতক সুমন, সেলিম, ফিরোজসহ আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজন একত্র হতেন। তাঁরা ঢাকাসহ সারা দেশে তাঁদের জঙ্গি কর্মকাণ্ডকে গতিশীল ও জঙ্গি কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রায়ই একত্র হতেন এবং নাশকতার উদ্দেশ্যে প্রশিক্ষণ গ্রহণ করতেন। পুলিশের অভিযানের আগে মাইনুল, সেলিমসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জেবুন্নাহার পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন, তাঁর স্বামী মেজর জাহিদ আগে থেকে ধার্মিক ছিলেন, কিন্তু উগ্রপন্থী ছিলেন না। জাহিদ ২০১৪ সালে কানাডায় যান একটা প্রশিক্ষণে। ফেরার পর কট্টর হতে থাকেন। একপর্যায়ে সেনাবাহিনীর রেশন নেওয়া বন্ধ করেন। জাহিদ সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই জেবুন্নাহারকে উগ্র মতাদর্শের বিভিন্ন বই পড়ে শোনাতে শুরু করেন। একপর্যায়ে জেবুন্নাহার জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন এবং ‘জিহাদ’ করে বেহেশতে যেতে আগ্রহী হয়ে ওঠেন। মাইনুল ইসলাম ওরফে মুসার স্ত্রী তৃষা মণির সন্তান হওয়ার সময় ঘনিয়ে আসায় জেবুন্নাহার বড় মেয়েকে আজিমপুরে তানভীর কাদেরী ও আবেদাতুন ফাতেমার কাছে রেখে আশকোনার আস্তানায় চলে আসেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে তৃষা বলেন, স্বামী মাইনুলের প্ররোচনায় তিনি জঙ্গিবাদে জড়ান।