সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলায় রায়ের খসড়া ফাঁসের ঘটনায় রিমান্ড শেষে ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ফারুক হোসেন গতকাল রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজাহান আট দিনের রিমান্ড শেষে ফারুক হোসেনকে আদালতে হাজির করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির দেওয়া স্বীকারোক্তি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আসামির পক্ষে জামিন চান তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। এ আবেদন নাকচ করেন বিচারক। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আসামি ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতা কর্মী নয়ন আলী গত ১০ অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে ফারুক হোসেন জানান, সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে, ম্যানেজার ও সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাকা চৌধুরীর পক্ষে করা সব আবেদন ও আদেশের কপি চাইলে তিনি নয়নের সঙ্গে যোগাযোগ করতে বলেন। নয়নকে এ সময় মেহেদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। পরবর্তী সময়ে ফারুক নয়নকে একটি পেনড্রাইভ দেন। নয়ন সেই পেনড্রাইভে করে সব আদেশ ফারুকের কাছে এনে দিলে ফারুক তা মেহেদীকে দেন। ফারুকই নিজের পকেট থেকে নয়নকে ৫০০ টাকা দেন। মেহেদীকে টাকার কথা বলা হলে শুনানির দিন দেবেন বলে জানান।
ফারুক আদালতকে বলেন, এরপর সাকা চৌধুরীর আইনজীবীর চেম্বারে মাঝেমধ্যে নয়ন যাতায়াত করতেন, তখন তারা কী করতেন তা তিনি বলতে পারবেন না। তিনি বলেছেন, সাকা চৌধুরীর জন্য তাঁর পরিবারের সদস্যরা খাবার নিয়ে আসতেন। এ সময়ই সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও ম্যানেজার মাহবুবের সঙ্গে পরিচয় হয়। তখন তাঁরা তাঁর কাছে মামলার নকল চাইলে তিনি তাঁদের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলেন। পরে তাঁরা অন্যান্য আদেশ পেতে সাহায্য চাইলে ফারুক নয়নের সঙ্গে পরিচয় করে দেন এবং এ কাজের জন্য মেহেদী তাঁকে টাকা দেন।