আদালতে জবানবন্দি দিলেন মুজিবুর ও রেজাউল
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন। সুনামগঞ্জের বিচারিক হাকিম শ্যামকান্ত সিনহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা।
জবানবন্দি নেওয়ার জন্য গতকাল বেলা একটায় মুজিবুর রহমানকে আদালতে নিয়ে আসে পুলিশ। দেড়টায় গাড়িচালক রেজাউল হককে আনা হয়। এ সময় আদালত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।
আদালত সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান বিকেল পৌনে চারটা থেকে চারটা ৪৫ মিনিট পর্যন্ত আদালতে জবানবন্দি দেন। বিচারকের খাসকামরা থেকে বের হওয়ার পর সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি আগ্রহ দেখান। কিন্তু পুলিশ তাঁকে দ্রুত সরিয়ে নেয়।
এর কয়েক মিনিট পর চালক রেজাউল হককে নেওয়া হয় বিচারকের খাসকামরায়। তিনি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত জবানবন্দি দেন।
তবে মুজিবুর রহমান ও রেজাউল হক আদালতে কী জবানবন্দি দিয়েছেন, তা জানা যায়নি।
জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে মুজিবুর রহমানকে তাঁর নিজ জিম্মায় পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুলিশ তাঁকে নিরাপত্তা দেবে। গাড়িচালক রেজাউল হককে দেওয়া হয়েছে তাঁর বাবা ওয়াহিদুল হকের জিম্মায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক সুরঞ্জিত তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক রেজাউল অপহৃত হন। সাড়ে তিন মাস পর ১৮ আগস্ট ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় চোখ বাঁধা অবস্থায় মুজিবুরকে ছেড়ে দেওয়া হয়। একই স্থানে ছেড়ে দেওয়া হয় রেজাউলকে। এরপর ২০ আগস্ট রাতে ঢাকা থেকে তাঁদের সুনামগঞ্জ নিয়ে আসে পুলিশ।
অপহরণের পর মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর সেটিকে অপহরণ মামলা হিসেবে তালিকাভুক্ত করে পুলিশ। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। গতকাল সিআইডির তত্ত্বাবধানেই তাঁদের জবানবন্দি নেওয়া হয়।