আদালতে জবানবন্দি দিলেন রাজীব গান্ধী

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র বলছে, আট দিনের জিজ্ঞাসাবাদ শেষে রাজীব গান্ধীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। তাতে বলা হয়, হলি আর্টিজানে হামলার ঘটনায় আসামি জবানবন্দি দিতে চান। তাঁর জবানবন্দি রেকর্ড করা হোক। পরে আদালত তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
১৪ জানুয়ারি রাজীব গান্ধীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জানুয়ারি শুক্রবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে । তিনি সংগঠনে রাজীব গান্ধী, সুভাষ, শান্ত, টাইগার, আদিল ও জাহিদ নামেও পরিচিত ছিলেন। তিনি ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজানে হামলা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা চেষ্টার পাশাপাশি উত্তরবঙ্গের ২২টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রাজীব গান্ধীকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম।
গত বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানে হলি আর্টিজানে হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করে। তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের নিক্ষেপ করা বোমায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে জিম্মি উদ্ধার অভিযানের সময় পাঁচ জঙ্গির সঙ্গে ওই রেস্তোরাঁর পাচক সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। রেস্তোরাঁর ভেতর থেকে আটক আরেক কর্মী জাকির হোসেন পরে হাসপাতালে মারা যান।