আদালতে জবানবন্দি দিয়ে দায় স্বীকার করলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিতলমারী উপজেলার চর চিংগুড়ি গ্রামের গৃহবধূ নাজমা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেড় বছরের মেয়ে মিমারা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমা বেগম অপরাধের কথা স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমবার রাতে চিতলমারী থানার উপপরিদর্শক ফিরোজ আলম বাদী হয়ে নাজমা ও তাঁর স্বামী রিয়াজ শেখের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনসহ গতকাল সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়। একপর্যায়ে স্বীকারোক্তি দিতে সম্মত হলে বেলা একটার দিকে নাজমাকে বিচারিক হাকিম গৌতম বিশ্বাসের আদালতে নেওয়া হয়। বেলা তিনটা পর্যন্ত দুই ঘণ্টা ধরে নাজমা হাকিমের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। বিকেলে নাজমা ও তাঁর স্বামী রিয়াজকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
স্বীকারোক্তিতে নাজমা ঠিক কী বলেছেন, সে বিষয়ে আদালত ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো কিছু বলতে অপারগতা প্রকাশ করেছে। তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী এবং মামলার বাদী ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, আদালতে যাওয়ার আগে নাজমা অনুতাপে ভেঙে পড়েন। তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করে পুলিশকে বলেন, অর্থাভাব, অশান্তি এবং স্বামী রিয়াজের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছিল যে মেয়েকে মানুষ করার মতো মানসিক অবস্থা তাঁর ছিল না। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। স্বামীর ওপর প্রতিশোধ নিতেই তিনি মেয়ে মিমারাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন।
নাজমা ঘটনা সম্পর্কে পুলিশকে বলেন, পরে তিনি হত্যার দায় তাঁর স্বামীর ওপর চাপাতে বাইরে গিয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন।