আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন সেনবাগে ধর্ষণের শিকার গৃহবধূ। গতকাল সোমবার ৪ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম এ কে এম রওশন জাহান তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারা মোতাবেক এ জবানবন্দি নেওয়া হয়। পরে ঘটনার শিকার ওই নারীকে তাঁর নিজের জিম্মায় দেন আদালত।
এদিকে ধর্ষণের মামলাটি গত রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তরের আদেশ দেওয়া হলেও গতকাল পর্যন্ত মামলার মূল নথি (ডকেট) ডিবি কার্যালয়ে পৌঁছেনি। গতকাল বিকেলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলা স্থানান্তরের চিঠি পেলেও মূল নথি এখনো তাঁরা পাননি। তবে থানা-পুলিশ ২২ ধারায় আদালতে ওই গৃহবধূর জবানবন্দি রেকর্ড করিয়েছেন বলে তিনি শুনেছেন।
জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার স্ত্রী অসুস্থ থাকায় দাপ্তরিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আজকের (গতকাল) মধ্যে সব কাগজপত্র হস্তান্তর করা হবে।
এদিকে ধর্ষণের ঘটনার পর তিন দিন পার হলেও মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কিন্তু আসামিরা সবাই আত্মগোপনে রয়েছেন।
স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার সেনবাগের ডমুরুয়া ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ (২২)। এ ঘটনায় স্থানীয় যুবলীগের কর্মী রুবেল, সোহেল, শহিদ, স্বপন, নিজাম, ইসমাইল, মিজান, কচি ও রিয়াজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।