আদালতে জাহাঙ্গীরের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্ত্রী শেলী আক্তার ও শাশুড়ির ওপর অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মো. জাহাঙ্গীর। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন। জবানবন্দি শেষে সন্ধ্যায় তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরকে আদালতে হাজির করার পর ঘটনার সত্যতা স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, তালাকের প্রতিশোধ নিতে তিনি স্ত্রীর ওপর অ্যাসিড ছুড়েছেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে যত দ্রুত সম্ভব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।

গত ২৬ সেপ্টেম্বর ভোরে পলোগ্রাউন্ড এলাকায় ঘুমন্ত সাবেক স্ত্রী ও শাশুড়ির ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান জাহাঙ্গীর। ঘটনার তিন দিন পর গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকার রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে চট্টগ্রামে আনা হয়।
অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জাহাঙ্গীরের সাবেক স্ত্রী শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মা হোসনে আরা বেগমের শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। এ ঘটনার পর জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে অ্যাসিডদগ্ধ মা ও মেয়ের। তাঁদের চিকিৎসা, আইনি ও পুনর্বাসনকাজে পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো। গত বুধবার অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়তা তহবিল থেকে শেলীর বড় ভাই মো. শামীমের হাতে প্রাথমিক খরচের টাকা হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: