পটিয়ায় গত রোববার রাতে নুর হোসেনকে (২৩) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার কথা তাঁর সহকর্মী আইয়ুব আলী (২৫) পটিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন।
পটিয়া পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার পটিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে পটিয়ার পূর্ব বাড়ৈকাড়া গ্রামের অলি আহমদের ছেলে দরজি আইয়ুব আলী এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলী মামলার আসামি না হলেও তাঁকে সন্দেহমূলকভাবে গত মঙ্গলবার দুপুরে এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কুতুর উদ্দিন বলেন, আইয়ুব আলীর মাধ্যমে পটিয়ার বরলিয়া ইউনিয়নের নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস আরা বেগমের (গ্রেপ্তার) ছেলে মোহাম্মদ ইছহাক ওরফে শিবলী (২৪) নিহত নুর হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে আদালতে জবানবন্দি দেন।
জবানবন্দিতে আইয়ুব আলী বলেন, শিবলীর সঙ্গে ওই দিন সকালে নুর হোসেনের ঝগড়া হয়। তার জের ধরে ওই দিন সন্ধ্যায় তাঁর মাধ্যমে তাঁর সহকর্মী নুর হোসেনকে কৌশলে ডেকে নিয়ে ওয়াশিংগার দিঘির পাড়ে নিয়ে যাওয়া হয়। ওইখানে তাঁরা আট-নয়জনে মিলে লাঠি দিয়ে নুর হোসেনকে পিটিয়ে হত্যা করেছেন। আইয়ুব আলী আরও বলেন, নুর হোসেনকে পেটানোর জন্য ডাকা হয়েছে এ কথা তিনি জানতেন না।
পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা কুতুব উদ্দিন আরও বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলা নাম ও তদন্তে দেখা গেছে, মামলার এক নম্বর আসামি (দক্ষিণ জেলা শিশু-কিশোর মেলার সভাপতি) সৈয়দ মোরশেদ উল্লাহসহ চার নম্বর পর্যন্ত যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। কারও চাপে তাঁদের আসামি করা হয়েছে।