আদালতে তানভীরের কিশোরপুত্রের জবানবন্দি
ঢাকার আজিমপুরে পুলিশের অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই জবানবন্দি গ্রহণ করেন।
আদালত সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে তাহরীমকে গতকাল ঢাকার কিশোর আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর কিশোর আদালত তাহরীমের জবানবন্দি গ্রহণের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে জবানবন্দি গ্রহণের জন্য একজন হাকিম দেওয়ার অনুরোধ জানান। এরপর মহানগর হাকিম আহসান হাবিব এই কিশোরের জবানবন্দি গ্রহণ করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. রাকিব বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাহরীমকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত।
গত ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।