নীলফামারীতে কাজের মেয়ে সুমিকে হত্যা করে শিশু জুনায়েতকে অপহরণের ঘটনায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় আনোয়ার হোসেন, মুকুল বেগ ও রাশেদুল ইসলাম জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, গ্রেপ্তার চারজনকে শুক্রবার সন্ধ্যায় নীলফামারীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁদের তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি লিপিবদ্ধ করে আদালতের বিচারক মুখ্য বিচারিক হাকিম সাইফুল ইসলাম চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী শহরের থানাপাড়া মহল্লায় কাজের মেয়ে সুমিকে (১৪) হত্যা করে দেড় বছরের শিশু জুনায়েতকে অপহরণ করা হয়। দুই দিন পর রংপুর কোতোয়ালি থানার পুলিশ শিশু জুনায়েতকে রংপুর নগরের চন্দনপাট ইউনিয়নের মাটিয়াপাড়ার নুরুননাহারের বাড়ি থেকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামের আনোয়ার হোসেন (৩২), একই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মুকুল বেগ (১৬) ও রাশেদুল ইসলাম (১৮)। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আল মামুনকে (১৭) গ্রেপ্তার করে।