আদালতে দুই আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী ওরফে সেলিম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এই মামলায় গ্রেপ্তার দুই আসামি। গত বুধবার তাঁরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই দু্ই আসামি হলেন বেগমগঞ্জ উপজেলার ভবানীজীবনপুরের মিজু আহম্মেদ (২২) ও বড় মোহদীপুর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সুজন (২০)। গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলামের আদালতে তাঁরা জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিনের ভাষ্য মতে, জবানবন্দিতে মিজু আহম্মেদ ও সিরাজুল ইসলাম ইউসুফ আলী হত্যার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া জবানবন্দিতে তাঁরা বলেছেন, হত্যার এক দিন আগে গত ২৬ জুলাই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার সঙ্গে বিভিন্নভাবে প্রায় ৩০ জন জড়িত ছিলেন।
নিজাম উদ্দিন দাবি করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রামনন্দী গ্রাম থেকে সন্দেহভাজন আসামি হিসেবে মিজু আহম্মেদ, সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজু ও সিরাজুল ইউসুফ আলী হত্যার ঘটনার বিষয়ে তথ্য দেন এবং এ ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। এরপর বুধবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করা হয়। জবানবন্দি নেওয়ার পর তাঁদের আদালত থেকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ওই তিন আসামির কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
মিজু আহম্মেদের বাবা মো. মোস্তফা দাবি করেছেন, ৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ছেলে এবং ছেলের দুই বন্ধু হাবিব ও সুজনকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাননি তিনি। এমনকি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার বিষয়েও তাঁরা কিছু জানেন না।
গত ২৭ জুলাই লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে নোয়াখালী ফেরার পথে সদর উপজেলার মাহতাবপুর এলাকায় সশস্ত্র দুবৃর্ত্তরা ইউসুফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা নিয়ে ওই সময় প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।