আদালতে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল চলাকালে পেট্রলবোমা হামলায় লেগুনাচালক মিতুলের মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। গতকাল বুধবার পেট্রলবোমা মেরে মিতুলকে হত্যার কথা স্বীকার করে মহানগর হাকিম আহমদ সাঈদের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা।
এর আগে গত মঙ্গলবার নগরের বায়েজীদ ও পাঁচলাইশে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ওসমান গনি, নজরুল ইসলাম ও সুজা মিয়া। ওসমান গনি ও নজরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নগরের কোতোয়ালি থানার এসআই ইলিয়াছ খান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেট্রলবোমা মেরে মিতুলকে হত্যার কথা স্বীকার করেন। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সমঞ্চত হলে তাঁদের আদালতে পাঠানো হয়। জবানবন্দিতে আসামি ওসমান ও নজরুল স্বীকার করেন, ঘটনার আগে তাঁরা নগরের খুলশী থানার সাউদার্ন মেডিকেল কলেজ মাঠে বসে পরিকল্পনা করেন। ঘটনার পর তাঁরা পালিয়ে ছিলেন।
সূত্র জানায়, জবানবন্দিতে আসামিরা স্বীকার করেন নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন ওরফে নাহিদ হরতাল-অবরোধে হামলার নেতৃত্ব দিয়ে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে পুলিশ আমাদের নিরীহ নেতা-কর্মীদের ধরে নির্যাতন চালিয়ে জবানবন্দি আদায় করছে। আমরা হরতাল-অবরোধে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।’
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে আসামিরা আরও স্বীকার করেন, জমির উদ্দিন, নাজিম উদ্দিন ও টিংকু দাশের নেতৃত্বে মিছিল-মিটিংয়ে অংশ নেন তাঁরা। মূলত বড় ভাইদের নির্দেশে তাঁরা হরতাল-অবরোধে বোমা হামলা চালিয়ে থাকেন। তাঁরা পালাক্রমে দায়িত্ব পালন করেন। এক হরতালে একদল ককটেল ও বোমা হামলা চালালে, অন্য দল পরের হরতাল-অবরোধে হামলা চালিয়ে থাকে। যাতে পুলিশের নজর এড়িয়ে থাকা যায়। নগরের মাইজপাড়ার কামাল, বায়েজীদ বোস্তামীর বোমা জাকির, হাবিব ও নুরনবী হরতাল-অবরোধে বোমা হামলা চালান।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলায় দগ্ধ হন লেগুনাচালক মিতুল। চার দিন পর তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হয়।