নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে পাঁচ খুনের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন দুই বিচারক। গতকাল মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
সাক্ষ্য দেওয়া বিচারক হলেন তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও বর্তমানে শরীয়তপুরের যুগ্ম জেলা জজ এইচ এম শফিকুল ইসলাম এবং তৎকালীন বিচারিক হাকিম ও বর্তমানে পিরোজপুরের যুগ্ম জেলা জজ সাইদুজ্জামান শরীফ।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, এ মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এইচ এম শফিকুল ইসলামের কাছে আসামি মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাইদুজ্জামান শরীফের আদালতে পাঁচ সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’র একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ির ফ্ল্যাটের দরজার তালা ভেঙে লাশগুলো উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন তাসলিমা আক্তার (৪০) ও তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)। এ ঘটনায় তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগনে মাহফুজসহ কয়েকজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই দিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় মাহফুজকে। ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মাহফুজকে আসামি করে অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।