রংপুরের বদরগঞ্জে গৃহবধূ রাজিয়া সুলতানাকে (৩৫) গলা কেটে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ মাস পর গত মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার আতাইকুলা উপজেলার লক্ষ্মীপুর শ্রীপুর গ্রামের ফজলু (৩০) ও বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বাওচণ্ডী ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াকুব আলী (৪৫)।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তাঁরা ওই নারীকে হত্যার দায় স্বীকার করে গত বুধবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, বদরগঞ্জ উপজেলার উত্তর বাওচণ্ডী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানাকে চলতি বছরের ২২ জুন রাতে শোবার ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। চাকরির কারণে তাঁর স্বামীও বাইরে ছিলেন। ঘটনার পর থেকে হত্যার সূত্র খুঁজে পাচ্ছিল না পুলিশ।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, ‘ওই হত্যার রহস্য উদ্ঘাটনে একাধিক সোর্সকে কাজে লাগানো হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার ঢাকার সাভার থানাধীন নবীনগর এলাকা থেকে প্রথমে ফজলুকে এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পরে ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়। গৃহবধূকে হত্যার জন্য ওই দুজনকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল। হত্যার পরিকল্পনা ও কারণ সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছি। তবে ওই হত্যার সঙ্গে আরও একজন জড়িত থাকায় তাঁকে না ধরা পর্যন্ত এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’