হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলার ঘটনায় দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন জাহিদ হাসান রানা ওরফে মুসয়াব ও আরমান ওরফে সজীব। গত সোম ও মঙ্গলবার তাঁরা এই জবানবন্দি দেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গতকাল শুক্রবার দুই আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুরান ঢাকার হোসেনি দালানে হামলার ঘটনায় দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।
ডিবি সূত্র জানায়, হোসেনি দালানের ইমামবাড়ায় গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ গত সোমবার জাহিদ হাসান ও মঙ্গলবার আরমানকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠান। তাঁরা হামলার পরিকল্পনা থেকে শুরু করে ঘটনাস্থলে উপস্থিত থেকে গ্রেনেড বিস্ফোরণে সহায়তা করেছেন। জবানবন্দি রেকর্ডের পর আদালত তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। জাহিদ হাসান ও আরমানের আগে সজীব ও রাশেদ ওরফে আশিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় গ্রেনেড হামলাকারী আলবানী, পরিকল্পনাকারী আবদুল্লাহ নোমান ও হিরন ওরফে কামাল ডিবির সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হন। জাহিদ হাসান, আরমান, সজীব ও রাশেদসহ এ মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন চান মিয়া, ওমর ফারুক, আহসান উল্লাহ মাহমুদ, মাসুদ রানা, আবু সাঈদ সালমান ও মো. শাহজালাল।
গত ২৪ অক্টোবর ওই গ্রেনেড হামলার ঘটনায় চকবাজার থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করেন।