আদালতে নাজমার জবানবন্দি
মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষকালে গুলিবিদ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন (৩৫) আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের খাসকামরায় এ জবানবন্দি রেকর্ড করা হয়। ঘটনার পর থেকে দীর্ঘদিন হাসপাতালে থাকা ও অসুস্থতার কারণে আদালতে এত দিন তাঁর জবানবন্দি নেওয়া হয়নি।
জবানবন্দিতে নাজমা ছাত্রলীগের গোলাগুলির ঘটনায় আসামি মুহম্মদ আলী ও ‘বন্দুকযুদ্ধে’ নিহত মেহেদী হাসান ওরফে আজিবর শেখসহ জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে। জবানবন্দির বিস্তারিত জানা যায়নি।
সংঘর্ষে জঠরে শিশুসহ নাজমার গুলিবিদ্ধ হওয়া এবং এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমাউল হক গতকাল বিকেলে নাজমা খাতুনের ওই জবানবন্দি রেকর্ডের কথা জানান।
গত ২৩ জুলাই বিকেলে মাগুরার দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। গুলি পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। পরে প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরে আসে। গোলাগুলির ওই ঘটনায় গুলি ও বোমার আঘাতে আহত হন নাজমার চাচা শ্বশুর মমিন ভূঁইয়া (৬৫)। পরে মমিন ভূঁইয়া মারা যান। মমিন মাগুরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
সংঘর্ষে জড়িত ছাত্রলীগের দুই পক্ষের এক পক্ষের নেতৃত্বে দেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা বাকি ইমামের ভাই কামরুল ভূঁইয়া এবং অন্য পক্ষে নেতৃত্বে দেন পৌর ছাত্রলীগের সাবেক নেতা আজিবর শেখ ও সাবেক ছাত্রলীগ কর্মী মুহম্মদ আলী।
সংঘর্ষে হতাহতের ঘটনার পর ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী-সমর্থক।
মামলার তদন্ত করছে মাগুরা ডিবি পুলিশ। পুলিশ ও র্যা ব এ পর্যন্ত মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। দুজন আদালতে আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তার হওয়ার পর মামলার আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান।