আদালতে নির্যাতনের চিহ্ন দেখালেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কথামতো মিথ্যা স্বীকারোক্তি না দেওয়ায় নির্যাতনের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের। গতকাল বুধবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় নির্যাতনের চিহ্ন দেখিয়ে আদালতকে তিনি বলেন, পুলিশ জোর করে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে। তা দিতে অস্বীকার করায় তাঁকে নির্যাতন করা হয়।
গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আবদুল কাদের সাক্ষ্য দেন। আসামি খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের পক্ষে আংশিক জেরা করেন আইনজীবীরা। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির গতকাল আবদুল কাদেরের সাক্ষ্য ও জেরা গ্রহণ করেন। এরপর আগামী ৬ এপ্রিল বাকি জেরার জন্য দিন ধার্য করা হয়। আবদুল কাদের বর্তমানে বিসিএস (শিক্ষা) ক্যাডারে সরকারি চাকরিজীবী হিসেবে কর্মরত আছেন। আসামি হেলাল উদ্দিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আবদুল কাদের সাক্ষ্যে বলেন, ২০১১ সালের ১৬ জুলাই রাতে খালার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফেরার পথে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেন। পরে তাঁকে থানায় নিয়ে মারধর ও নির্যাতন করে জোরপূর্বক তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়। নির্যাতনের একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে হেলালের পায়ে আঘাত করেন হেলাল। আবদুল কাদের আঘাতের সেই চিহ্ন আদালতকে দেখান। মিথ্যা স্বীকারোক্তি না দেওয়ায় খিলগাঁও থানার পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে এবং দস্যুতার অভিযোগে পৃথক দুটি মামলা করে।