আদালতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সকাল আটটা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এক এক করে আইনজীবী ও সাংবাদিকেরা উপস্থিত হচ্ছিলেন। সাড়ে ১০টায় এজলাসকক্ষ ভরে যায় আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে। এ সময় আদালত ভবনের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের প্রধান ফটক ছাড়া অন্যসব ফটক বন্ধ করে দেওয়া হয়।
তল্লাশি করে আদালত ভবনের ভেতরে যেতে দেওয়া হয় বিচারপ্রার্থী, আইনজীবী ও সাংবাদিকদের। নতুন ও পুরোনো আদালত ভবনের চারপাশ এবং ভবনগুলোর ছাদে ছিল সশস্ত্র পুলিশের সতর্ক অবস্থান। ভবনের বিভিন্ন মোড় ও ফটকে ভিডিও ক্যামেরা নিয়ে গোয়েন্দা পুলিশও সতর্ক ছিল।
সকাল সোয়া ১১টার দিকে মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ একে একে ১১ আসামিকে এজলাসকক্ষে হাজির করা হয়। এ সময় আসামিদের সঙ্গে বাইরে অপেক্ষমাণ আইনজীবী ও সাংবাদিকেরাও এজলাসে প্রবেশ করেন। এজলাসে তিল ধারণের ঠাঁই ছিল না। বিচারক এজলাসে এলে নীরবতা নেমে আসে। এরপর রায় ঘোষণা হয়। বিচারক নেমে যাওয়ার পরই আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর উত্তেজিত হয়ে ওঠেন। তিনি এ সময় বিচারকের বিরুদ্ধে বিষোদগার করেন।
অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ভোর ছয়টা থেকে নতুন আদালত ভবনে ২০০ পোশাকধারী পুলিশ অবস্থান নেয়। এর সঙ্গে র‌্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা আমাদের সহযোগিতা করে। ফলে রায় ঘোষণার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল।