খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের কর্মী বি এম শহিদুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার নয়ন জোয়ার্দ্দার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় খুলনার বিচারিক আদালতের হাকিম শাহিনুর রহমানের আদালতে তিনি ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ বলেন, আদালতে নয়নের জবানবন্দির মধ্য দিয়ে শহিদুল হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এখন অর্থদাতাদের ধরার চেষ্টা চলছে।
আদালতের সূত্র জানায়, নয়ন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে ছয় শতাংশ জমি কেনাবেচা নিয়ে বি এম শহিদুল ইসলাম বাধা সৃষ্টি করায় তাঁর প্রতিপক্ষের লোকজন দুই লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি হিসেবে সোহান, তাঁকেসহ চারজনের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে, ৪ জানুয়ারি রাতে শহিদুলকে তাঁর বাড়ির উঠানে গুলি করে হত্যা করা হয়।