আদালতে পরীমনির এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে তোলা হয়।
ছবি: দীপু মালাকার

রাত ৮টা ২৬ মিনিট। দুজন নারী কনস্টেবল চিত্রনায়িকা পরীমনিকে হাত ধরে এজলাস কক্ষে নিয়ে আসেন। জনাকীর্ণ আদালতে পরীমনিকে তোলা হয় আসামির কাঠগড়ায়। পরীমনি প্রথমে কথা বলেন তাঁর এক আত্মীয়ের সঙ্গে। এরপর কথা বলেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাতের সঙ্গে। স্বাক্ষর করেন ওকালতনামায়। তখন পরীমনিকে বিমর্ষ দেখায়। এ সময় এক মিনিটের মতো  কাঠগড়ায় মাথা ঠেকিয়ে নিচের দিকে চেয়েছিলেন। একপর্যায়ে মাথা উঠিয়ে গালে বাঁ হাতে দিয়ে নির্বাক তাকিয়ে থাকেন সামনের দিকে।

সময়ের আলোচিত-সমালোচিত এই চিত্রনায়িকাকে বৃহস্পতিবার রাতে মাদকের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আগের দিন রাজধানীর বনানীর বাসায় র‍্যাবের অভিযান আটক পরীমনিকে বিকেলে বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‍্যাব।

পরীমনিকে আদালতে হাজির করা হবে-সেই খবরে বিকেল থেকেই গণমাধ্যমকর্মীরা আদালতের সামনে ভিড় করতে শুরু করেন। সন্ধ্যার পর আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বেড়ে যায়। আইনজীবীরাও আদালতের সামনে ভিড় করতে থাকেন।

পরীমনিকে যখন এজলাসে তোলা হয় সে সময় আদালত কক্ষে ছিল আইনজীবীদের উপচেপড়া ভিড়। পরীমনি কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁর আইনজীবীরা কাঠগড়ার দিকে এগিয়ে যান। কাঠগড়ায় পরীমনির সঙ্গে প্রযোজক নজরুল ইসলাম রাজসহ অপর দুই আসামিকে তোলা হয়। সবার সামনে ছিলেন পরীমনি। তাঁর কাছেই ছিলেন একই সঙ্গে আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ। কাঠগড়ায় কনুই রেখে গালে হাত দিয়ে তাকিয়ে থাকার একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলেন পরীমনি। একপর্যায়ে আদালত কক্ষে আসেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আলমগীর হোসেন।

আলমগীর হোসেন জানান, পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলামের বিরুদ্ধে বনানী থানার মাদকের মামলা হয়েছে। এই মামলায় তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিচারক এজলাসে আসার পর শুরু হয় শুনানি। রাষ্ট্রপক্ষ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। আদালতকে তিনি বলেন, পরীমনির বাসায় বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে।

এই মাদকের উৎস জানার জন্য পরীমনিকে রিমান্ডে নেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন পিপি আব্দুল্লাহ আবু। তখন কাঠগড়ায় দাঁড়ানো পরীমনি চুপচাপ তাঁর বক্তব্য শুনছিলেন।

পিপির বক্তব্য শেষ হওয়ার পর পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে বলেন, পরীমনি দেশের স্বনামধন্য চিত্রনায়িকা। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই পরীমনিকে চেনে। তাঁর ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পরীমনি সম্প্রতি একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্র করে তাঁকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বাসা থেকে যে মদ উদ্ধার দেখানো হয়েছে, তা ছিল সাজানো।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে চিত্রনায়িকা পরীমনিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

পরীমনির রিমান্ড মঞ্জুর হওয়ার পর কাঠগড়ার সামনে এগিয়ে যান আরেক আসামি নজরুল ইসলাম রাজ। এরপর তাঁর রিমান্ড শুনানি শুরু হয়। তখন পরীমনি কাঠগড়ার মাঝামাঝি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকেও চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। আদালতে আসার পর প্রায় এক ঘণ্টা পর পরীমনিকে আদালতের এজলাস কক্ষ থেকে নিচে নামানো হয়। তখন আদালতে ঢোকার প্রধান ফটকের সামনে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়িতে পরীমনিকে তোলা হয়। পরে গাড়িটি আদালত চত্বর ত্যাগ করে।

আদালত কক্ষে পরীমনির সঙ্গে তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাতের কথা হয়। কী কথা হয়েছিল জানতে চাইলে নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের বলেন, ‘পরীমনির বাসা থেকে যে বিদেশি মদ পাওয়ার কথা বলা হচ্ছে তা কিন্তু সঠিক নয়। পরীমনির বাসা থেকে যে বোতলগুলো পাওয়া গেছে, সেগুলো ছিল খালি বোতল। পরীমনি শখ করে মদের বোতল কিনে রেখেছিল। মদের বোতলগুলো ছিল খালি।’

পরীমনিকে আটকের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ ওয়াইন, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেছেন, পরীমনির বাসায় মিনি বার রয়েছে। মদের লাইসেন্স থাকলেও মেয়াদ পেরিয়েছে অনেক আগেই। পরীমনি, নজরুল রাজসহ এই চক্র ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত। এসব অর্থ তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগাত।

পরীমনি এর আগে গত জুনে রাজধানীর অদূরে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাঁকে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে আলোচনায় আসেন। পরে তাঁর মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়ী নাসির উদ্দিন এখন জামিনে মুক্ত।