আদালতে পাঁচ আইনজীবীর হট্টগোল: রায় ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতকক্ষে চিৎকার, নথি ছুড়ে ফেলা, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর পরিপ্রেক্ষিতে পাঁচ আইনজীবী নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। শুনানি নিয়ে আদালত ২০ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রায়ের এ দিন ধার্য করেন।

আদালতে পাঁচ আইনজীবীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা বাদল। উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও বর্তমান সভাপতি জয়নুল আবেদীন।

পরে এম বদরুদ্দোজা বাদল প্রথম আলোকে বলেন, এর আগে ২ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। অপর তিনজনও ব্যক্তিগত হাজিরা দিতে অব্যাহতি চেয়ে আবেদন করেন, আদালত তাঁদের হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি আরও বলেন, পাঁচ আইনজীবী নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। হাইকোর্ট ২০ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছেন।

গত ১৯ জুন আদালতকক্ষে নথি ছুড়ে ফেলা ও বেঞ্চ কর্মকর্তা রফিকুল ইসলামকে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ পাঁচ আইনজীবীকে ২ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ওই দিন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আইনজীবীকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে পাঁচজন আইনজীবীকেই লিখিতভাবে হলফনামা আকারে বক্তব্য দাখিল করতে বলে ১০ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। এরপর আজ শুনানি হয়।

পাঁচ আইনজীবী হলেন: নূরে ই আলম, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ (বি এম সুলতান মাহমুদ), মতি লাল বেপারী ও মোহাম্মদ আলী। আদালতে পাঁচজনের পক্ষে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ, শ ম রেজাউল করিম, বশির আহমেদ ও এম বদরুদ্দোজা বাদল।