আদালতে পানি, বিচারকাজে ব্যাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোড়ালিসমান পানি থই থই করছে মেঝেতে। পানিতে ভাসছে মলসহ বিভিন্ন ময়লা। দুর্গন্ধে নাকে হাত চাপা দিতে হয়। চেয়ার টেবিল সব স্তূপ করে রাখা। পানির কবল থেকে বাঁচাতে লোহার তাকের ওপরের অংশে গাদাগাদি করে রাখা মামলার নথি। চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালত ভবনের গত মঙ্গলবারের চিত্র এটি।

 বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় চট্টগ্রাম শ্রম আদালত ভবনটির একতলা। সে পানি সরতেও সময় লাগে। এটি প্রতি বর্ষারই চিত্র। পানিতে ভবন ডুবে যাওয়ায় বিচারকাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ কাতালগঞ্জ এলাকায় পরিত্যক্ত সরকারি একটি দোতলা বাড়িতে চলছে প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের কার্যক্রম। ভবনের একতলায় দ্বিতীয় শ্রম আদালত ও দোতলায় প্রথম শ্রম আদালতের কার্যক্রম চলে। শ্রমিক আইন সহায়তা সেল-এর কার্যালয়ও ভবনটির নিচতলায় অবস্থিত।

ভুক্তভোগীরা জানায়, ভবনটির অবস্থান পাশের রাস্তা থেকে নিচু হওয়ায় ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতেই এর সামনে ও ভেতরে কোমরসমান পানি জমে যায়। বর্ষা শুরু হওয়ার পর থেকেই ভবনটির চারপাশে পানি জমে আছে। ময়লা পানি ডিঙিয়ে ভবনে ঢুকতে আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিচতলায় দ্বিতীয় শ্রম আদালতের মেঝেতে গত এক সপ্তাহ ধরে পানি জমে থাকায় এজলাসে কার্যক্রম বন্ধ আছে।

দ্বিতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাহিদ আফরিন প্রথম আলোকে বলেন, জুন মাসের শুরু থেকেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। জুনের মাঝামাঝিতে ভারী বৃষ্টিতে প্রায় ২০০ মামলার নথি ভিজে গিয়েছিল। পরে এগুলো রোদে শুকানো হয়। এরপর থেকে বৃষ্টি এলেই নথিগুলো সাবধানে সংরক্ষণ করতে হচ্ছে। পানি জমে থাকায় আপাতত দোতলায় প্রথম শ্রম আদালতের একটি কক্ষে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

গত সোমবার মামলার তারিখ থাকায় তুমুল বৃষ্টির মধ্যেও আগ্রাবাদ এলাকার বাসা থেকে কাতালগঞ্জের শ্রম আদালতে আসেন হাসি বেগম নামের এক পোশাক শ্রমিক। কিন্তু মূল ফটকে কোমরসমান ময়লা পানি দেখে ফিরে যান তিনি। এর পরের দিন বৃষ্টি কমায় আবারও আদালত ভবনে তিনি আসেন। হাসি বেগম প্রথম আলোকে বলেন, এত ময়লা পানি! সে কারণে সোমবার ভবনের সামনে এসেও ফেরত যান তিনি। বৃষ্টি কমায় মঙ্গলবার মামলার পরবর্তী তারিখ জানতে এসেছেন।

শ্রম আদালতে নিয়মিত মামলা পরিচালনাকারী আইনজীবী মো. সেলিমও জানালেন দুর্ভোগের কথা। তিনি বলেন, বর্ষা শুরুর পর থেকে বিচারপ্রার্থীদের কষ্টের শেষ নেই। যেদিন পানি বেশি থাকে, সেদিন আর বিচারিক কার্যক্রম চালানো যায় না। মামলার তারিখ পিছিয়ে যায়।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নিচতলায় দ্বিতীয় শ্রম আদালতের এজলাস, বিচারকের খাসকামরাসহ ছয়টি কক্ষের সব কটিতেই পানি জমে আছে। ভবনের সামনেও পানি। ভারী বৃষ্টিতে সোমবার রাতে ভবনের উত্তর ও দক্ষিণ দিকের সীমানা দেয়াল ধসে পড়ে গেছে।

চট্টগ্রামের দুটি শ্রম আদালতে বর্তমানে ১ হাজার ৭০৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে প্রথম শ্রম আদালতে মামলা রয়েছে ১ হাজার ৫৭টি এবং দ্বিতীয় শ্রম আদালতে ৬৫১টি। চট্টগ্রাম জেলা ছাড়াও চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের আওতায় রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলা। দ্বিতীয় শ্রম আদালতের আওতায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। চাকরিতে পুনর্বহাল, পাওনা আদায়, মালিক-শ্রমিক চুক্তির লঙ্ঘন, বেতন-ভাতার দাবি, ক্ষতিপূরণ আদায় ও ট্রেড ইউনিয়ন-সংক্রান্ত মামলা শ্রম আদালতে করা হয়। জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক শ্রম আদালতের বিচারক হয়ে দায়িত্ব পালন করেন। ছয় মাস ধরে দ্বিতীয় শ্রম আদালতে বিচারক নেই। প্রথম শ্রম আদালতের বিচারক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিচতলার আরেকটি কক্ষে জাতীয় আইনগত সহায়তা কমিটির লিগ্যাল এইডের উদ্যোগে শ্রম আদালতে আসা অসহায় বিচারপ্রার্থীদের জন্য বিনা খরচে আইনগত সহায়তা সেল চালু রয়েছে। ওই সেলের কর্মকর্তা আবুল হাসনাত বলেন, পানিতে কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে গেছে। পানি জমে থাকার কারণে বিচারপ্রার্থীদের সেবা দিতে সমস্যা হচ্ছে।

এদিকে ভবনটির দোতলায় পানি না উঠলেও সেখানেও স্বস্তি নেই। কারণ নিচতলার ওই নোংরা পানি মাড়িয়েই দোতলায় উঠতে হয়। চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের রেজিস্ট্রার তারিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়ে। গণপূর্ত বিভাগ গত এপ্রিল মাসে পুরো ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তাই শ্রম আদালতের কার্যক্রম সরকারি অন্য কোনো ভবনে কিংবা চট্টগ্রাম আদালত ভবনের কোনো কক্ষে স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।