আদালতে পুলিশি হেফাজত থেকে পালাল আসামি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পুলিশি হেফাজত থেকে গোলাম হোসেন নামের এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আসামির বাড়ি পৌর শহরের রেলওয়ে কলোনিতে। থানার পুলিশ ও আইনজীবীদের সূত্রে জানা যায়, শহরের মিরপুর এলাকায় মহির উদ্দিন (৫০) নামের এক হোটেল ব্যবসায়ী গত রোববার রাতে রেলওয়ে কলোনিতে খুন হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই থানার পুলিশ মিরপুর রেলওয়ে কলোনির এরশাদ আলীর ছেলে উজ্জ্বল (২৫) এবং একই মহল্লার আনসার আলীর ছেলে গোলাম হোসেনকে (২২) আটক করে। গতকাল দুপুরে সদর থানার পুলিশ আসামি দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর উপজেলা আদালতে হাজির করে। এখান থেকে গোলাম হোসেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কনস্টেবল ইলিয়াস আলীকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আসামি দুজনকে আদালতে পাঠানো হয়। আসামিরা বিচারকের এজলাসের মধ্যে ছিলেন। সেখান থেকে কনস্টেবল ইলিয়াসকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় গোলাম হোসেন পালিয়ে যান।
সিরাজগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আসামি দুজনকে আমাদের কাছে হস্তান্তর করার আগেই কৌশলে একজন পালিয়েছেন। তাই এ ঘটনার সব দায় সংশ্লিষ্ট মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার, আমাদের নয়।’ এ ঘটনায় আদালতপাড়া ও পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।