
ভোলার লালমোহন উপজেলায় গৃহবধূ মাহমুদা মেহের (তিথি) হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান (রুবেল) গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এদিকে সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকালও মানববন্ধন–বিক্ষোভ হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মাহমুদার স্বামী মেহেদী হাসান নিজেই গতকাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মেহেদির পাঁচ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।
উপজেলার ধলেগৌরনগর গ্রামের কামাল উদ্দিনের মেয়ে মাহমুদাকে ১ জুন রাতে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। কামাল উদ্দিন লালমোহন থানায় মেহেদীসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের ধরতে পুলিশের তেমন তৎপরতা না থাকায় লালমোহনবাসী ক্ষুব্ধ হয়। কয়েক দিন ধরে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে লালমোহন চৌরাস্তার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেটি বিক্ষোভ আকারে পুরো শহরে ছড়িয়ে পড়ে।
কর্মসূচিতে উপস্থিত তিথির বাবা কামাল উদ্দিন বলেন, যৌতুকের দাবিতে মেয়ে মাহমুদাকে স্বামী মেহেদী ও তাঁর পরিবারের অন্যরা পিটিয়ে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চান।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদ হাওলাদার, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মিডিয়া ক্লাবের সভাপতি রিপন শান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মালেক ফরাজি, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্পাদক শওকত আলী প্রমুখ।