আদালতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে সংসদে বিল
আদালতের প্রতিদিনের কর্মকাণ্ডের দলিলাদি বাধ্যতামূলকভাবে বাংলায় করার জন্য আইন সংশোধনের প্রস্তাব করে সংসদে একটি বেসরকারি বিল উত্থাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার ‘বাংলা ভাষা প্রচলন (সংশোধন) বিল ২০১৪’ শিরোনামের এই বিলটি উত্থাপন করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব–সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রুস্তম আলী ফরাজী বলেন, বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রচলনের উদ্দেশ্যে ১৯৮৭ সালের মার্চ মাসে বাংলা ভাষা প্রচলন আইন সংসদে পাস হলেও দেশের কোর্ট–কাচারিতে বিভিন্ন মামলার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ফলে দেশের পল্লি তথা গ্রামীণ এলাকার অল্পশিক্ষিত মানুষ মামলার রায় বুঝতে না পেরে নানাভাবে প্রতারিত হচ্ছেন। বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ সংশোধন হলে বাধ্যতামূলকভাবে দেশের সব আদালতের কার্যাবলি বাংলায় সম্পন্ন করতে হবে।