সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামণি গ্রামে দুই ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবা ছাতির আলী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, গত বুধবার গ্রেপ্তারের পর ছাতির আলী পুলিশের কাছে যে স্বীকারোক্তি দিয়েছিলেন, আদালতে দেওয়া জবানবন্দিতেও তিনি সেসবই বলেছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছাতির আলী বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এ কারণে দীর্ঘদিন স্ত্রী নুরবি বেগম তাঁর বাবার বাড়িতে ছিলেন। সালিসের মাধ্যমে বাড়িতে আনার পর থেকে স্ত্রীর ওপর তাঁর ক্ষোভ জন্মায়। প্রথমে স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্য ছিল। তাঁকে হত্যা করতে না পেরে সন্তানদের হত্যা করেন তিনি।
গত সোমবার ছাতির আলীর সঙ্গে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদ (৭)। পরে ওই রাতে গ্রামের ডোবায় ওদের লাশ পাওয়া যায়।