আদালতে বিক্রমের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় বিদ্যালয়ের ফটকে স্কুলছাত্রী কবিতা মনি দাস হত্যার ঘটনায় বিক্রম চন্দ্র সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে কবিতাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
স্কুলছাত্রী কবিতা মনি দাস হত্যার ঘটনায় মঙ্গলবার রাতেই কবিতার বাবা সাগর মনি দাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিক্রমকে একমাত্র আসামি করা হয়েছে। বিক্রম উপজেলার উত্তর কাঞ্চনপুর পশ্চিমপাড়ার রামপদ মনি দাসের ছেলে ও সাভার গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কবিতা দাসকে হত্যার প্রতিবাদে গতকাল দুপুরে প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে নিহতের স্বজন, এলাকার সর্বস্তরের মানুষ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কবিতা হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে মিছিলটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মিছিল শেষে বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত সমাবেশে হয়। এদিকে গতকাল বিকেলে বিক্রমকে গাজীপুর মুখ্য বিচারিক হাকিম-৩ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাহমিনা খানমের কাছে তিনি কবিতাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।