কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন উচ্চ আদালতে দাখিল করা হয়েছে। গত রোববার প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়। কমিটির সদস্যরা ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়াকে প্রধান করে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শরীফ মোস্তফা করিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. জহুরুল ইসলাম। আদালত সূত্র জানায়, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রামুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আবেদন করে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করেন। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রামুতে সহিংসতার ঘটনায় এর আগে সরকার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে।