ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ এবং বিচারিক হাকিম আদালতে বিচারক-সংকট চলছে। জেলা ও দায়রা জজ আদালতে ১২ জনের মধ্যে পাঁচজন বিচারক নেই। পাশাপাশি ওই আদালতের প্রশাসনিক কর্মকর্তার পদটিও দুই মাস ধরে শূন্য।অপরদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতেও নয়জনের মধ্যে পাঁচজন বিচারক নেই। এই আদালতের তৃতীয় শ্রেণীর পাঁচজন কর্মচারীর পদ এক বছর ধরে শূন্য। একজন বিচারককে একাধিক আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে মামলাজটের পাশাপাশি বিচারপ্রার্থীদেরও ভোগান্তি বেড়েছে।জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক শাখার অফিস সহকারী মো. শহীদুল্লাহ জানান, একজন জেলা ও দায়রা জজ, দুজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, দুজন যুগ্ম জজ এবং সাতজন সহকারী জজসহ ১২ জনের মধ্যে সাতজন বিচারক আছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ জেলা ও দায়রা জজের পদটি গত ২৯ এপ্রিল থেকে শূন্য রয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু সুফিয়ান জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরেকজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এক বছর ধরে বিচারক নেই।সহকারী জজ আদালতেও সাতজনের মধ্যে তিনজন (সদর, নবীনগর ও বাঞ্ছারামপুর আদালত) বিচারক নেই। এর মধ্যে সদর ও নবীনগর আদালতের বিচারকের পদটি গত ৭ মে থেকে শূন্য। আর বাঞ্ছারামপুর আদালতে এক যুগ ধরে কোনো বিচারক নেই।আদালতের দায়রা সহকারী আবু সৈয়দ জানান, গত ৩০ এপ্রিল পর্যন্ত এই আদালতে ফৌজদারি ও দেওয়ানি মিলিয়ে মোট ১১ হাজার ৮২১টি মামলা বিচারাধীন রয়েছে। মুখ্য বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা গেছে, এই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের চারজনের মধ্যে তিনজনই নেই। বিচারিক হাকিমের তিনটি পদের দুটি শূন্য রয়েছে এক বছর ধরে। তা ছাড়া তৃতীয় শ্রেণীর দুজন স্টেনোটাইপিস্ট, একজন হিসাবরক্ষক, একজন রেকর্ডকিপার ও একজন সহকারী রেকর্ডকিপারের পদ এক বছর ধরে শূন্য। ৩০ এপ্রিল পর্যন্ত এই আদালতের অধীন নয় হাজার ৯০৪টি মামলা বিচারাধীন রয়েছে।একটি দেওয়ানি (বণ্টননামা) মামলার বিবাদী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া বলেন, ‘১৯৮৬ সালের ২৯ সেপ্টেম্বর দায়ের করা বণ্টননামা মামলায় আমি ও আমার স্ত্রী বিবাদীপক্ষ। মাসে একবার মামলার তারিখ পড়ে। ২৬ বছর ধরে আদালতে আসা-যাওয়ার ওপরই আছি। কবে যে মামলার কূল হবে তা জানি না।’সরাইলের চুন্টা গ্রামের আরেক বিচারপ্রার্থী আবদুল ওহাব বলেন, ‘২০০৪ সালে মামলা করেছিলাম। নতুন নতুন তারিখ নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।’ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘শূন্য বিচারকের পদগুলো পূরণের জন্য আমরা সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। মুখ্য বিচারিক হাকিমের মাধ্যমে লিখিতভাবেও আবেদন করা হয়েছে।’ সমিতির সভাপতি মোহামঞ্চদ নাজমুল হোসেন বলেন, ‘বিচারক-সংকটের কারণে বিচারপ্রার্থী মানুষের সীমাহীন ভোগান্তি বেড়েছে। বিচারকের সংকট দূর করতে আমরা একাধিকবার আইন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’