রাজধানীর আজিমপুর পুরোনো কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণে সহায়তার বিষয়ে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ ব্যাখ্যা দেন।
ডিএমপি কমিশনারের উদ্দেশে আদালত বলেছেন, ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব নিয়ে বিষয়টি সার্বিক তদারক করবেন। খেলায় রাখবেন কেউ যেন কবরস্থানের পবিত্রতা নষ্ট করতে না পারে।
১ সেপ্টেম্বর একই বেঞ্চ ১০ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার, লালবাগ বিভাগের উপকমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা অনুসারে গতকাল তাঁরা আদালতে হাজির হন।
আদালত বলেন, কী সমস্যা ছিল, তা জানার জন্য আসতে আদেশ দেওয়া হয়েছিল।
জবাবে বেনজীর আহমেদ বলেন, সিটি করপোরেশন ১৬টি চিঠি দিয়েছে। কয়েকটিতে বলেছে, সহায়তা করেন, কয়েকটিতে বলেছে, ফোর্স লাগবে। তবে কোনো দিনক্ষণ উল্লেখ করেনি। তিনি বলেন, গত ২৯ নভেম্বরের আগ পর্যন্ত ৯০ শতাংশ দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো চিঠি দেওয়া হয়নি। ২ সেপ্টেম্বর আদালতের আদেশের বিষয়টি জানিয়ে সিটি করপোরেশন একটি চিঠি দেয়। ওখানে এখন সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে। কার্যক্রমের অগ্রগতির কিছু স্থিরচিত্র আদালতে দাখিল করে তিনি বলেন, দ্রুতই কাজ শেষ হবে।
আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে আইনজীবী তানজীব উল আলম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদ উল্লা।