আদালতে ভাঙচুরের মামলায় ২৫ আইনজীবীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে ভাঙচুরের মামলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ ২৫ জন আইনজীবী ১৯ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম গতকাল রোববার তাঁদের এ জামিন মঞ্জুর করেন।এই আইনজীবীদের মধ্যে ২২ জন গত বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ধার্য দিন ছিল গতকাল। ওই দিন বিকেলে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত বিচার আইনের এ মামলায় ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে তিনজনকে পলাতক দেখানো হয়। পলাতক দেখানো ওই তিনজন আইনজীবীও গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।জামিনপ্রাপ্ত আইনজীবীরা হলেন: বিএনপির কেন্দ্রীয় নেতা আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম ও ইকবাল হোসেন এবং আইনজীবী শামীমা আক্তার, ওমর ফারুক ফারুকী, এম মাসুদ রানা, এরশাদুল আলম, আবদুন নুর ভুইয়া, আবদুল খালেক, জালাল আহমেদ, নুরুজ্জামান, জুলফিকার আলী হায়দার, মো. হেলাল উদ্দিন, কামাল হোসেন, সিমকি ইমাম, মজিবুর রহমান, খন্দকার দিদারুল ইসলাম, দিদার (ছোট), নুরুজ্জামান ওরফে তপন, জ্যাকব ও পাপ্পু।২৪ মে এ মামলার এজাহারভুক্ত ২২ জন আইনজীবীকে ১০ দিনের জামিন দেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার ও মকবুল হোসেন আদালতকে বলেন, ‘আমরাও আইনজীবী, উনারাও আইনজীবী। তাই জামিন পেলে আমাদের আপত্তি নেই। তবে আদালতে আর কখনো যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাঁদের তা নিশ্চিত করতে হবে।’ এ সময় সানাউল্লাহ মিয়া আদালত অঙ্গনে অনাকাঙ্ক্ষিত ভাঙচুরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।