আদালতে ভুয়া বাদী, সই দিতে গিয়ে ধরা
আসামিদের জামিন শুনানিকালে মামলার বাদী হাজির হন আদালতে। আসামিদের জামিন দিলে বাদীর কোনো আপত্তি নেই বলে আইনজীবীদের মাধ্যমে তিনি আদালতকে জানান। কিন্তু ওকালতনামায় সই করার সময় প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। মামলার এজাহারে স্বাক্ষর আর ওকালতনামায় স্বাক্ষরের অমিল দেখে শনাক্ত করা হয়, বাদী ভুয়া।সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মঙ্গলবার একটি মামলার ভুয়া বাদী সেজে এভাবেই সঙ্গীদের জামিনে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন মিনহাজ আহমদ খান (২২)। প্রতারণার ঘটনায় আদালত থেকে তাঁকে গ্রেপ্তার করে থানাহাজতে সোপর্দ করা হয়। তবে আসামিদের জামিন মঞ্জুর হয়েছে।আদালত পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গত বছরের ৮ আগস্ট একটি সংঘর্ষের মামলায় শরিফ, পল্লব ও জায়েদ নামের তিন আসামির জামিন আবেদনের ওপর শুনানি চলছিল আদালতে। মামলার বাদী ছিলেন সিলেটের আখালিয়ার বাসিন্দা সোহেল রানা। আদালতে নগরের বনকলাপাড়ার মিনহাজ আহমদ খান নিজেকে সোহেল রানা পরিচয় দিয়ে আসামিদের জামিনে আপত্তি নেই বলে আইনজীবীর মাধ্যমে ওকালতনামা দাখিল করেন। আদালত তিন আসামির জামিন মঞ্জুর করলে তাৎক্ষণিক আদালত পুলিশের পরিদর্শক বাদীর সই নেন। এজাহারের স্বাক্ষরের সঙ্গে এ সইয়ের মিল না থাকায় তাৎক্ষণিক সোহেলকে আটক করা হয়। সিলেট আদালত পুলিশের পরিদর্শক মোহামঞ্চদ আবুল কাশেম প্রথম আলোকে জানান, ভুয়া বাদী সেজে আদালতে হাজির হওয়ার অভিযোগে মিনহাজকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রকৃত বাদী একটি প্রতারণার মামলা করবেন।