আদালতে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আবদুস ছালাম হাওলাদারকে (৪৬) হাতকড়া পরিয়ে নির্যাতন ও ক্রসফায়ারে হত্যার হুমকির ঘটনায় মামলা হয়েছে। বগা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. জসিম উদ্দিন খানসহ চারজনের বিরুদ্ধে গতকাল রোববার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন নির্যাতনের শিকার আবদুস ছালাম।

বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। মামলার অন্য তিন আসামি হলেন বগা পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল মো. মামুন এবং স্থানীয় দুই চৌকিদার উজ্জ্বল ও নাসির।

আরজিতে বলা হয়েছে, বাদী আবদুস ছালামের কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁরা ১১ জানুয়ারি বাদীর কবলাকৃত জমি দখল করার জন্য পাকা ঘর তুলতে থাকেন। এ ঘটনায় পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করেন বাদী। ১৫ জানুয়ারি মাধবপুর বাজারে আসামিরা বাদীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় বাদীকে হাতকড়া পরিয়ে বগা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এদিন বিকেলে পরিবারের লোকজন ও স্বজনদের উপস্থিতিতে বাদীকে মারধর ও পকেটে থাকা ৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়ে আরও ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

আরজিতে আরও বলা হয়েছে, ১৭ জানুয়ারি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে যান আবদুস ছালাম। কিন্তু গভীর রাতে আসামিরা তাঁর বসতভিটা ঘেরাও করেন। এ সময় তাঁরা বাদীর স্ত্রী নাসিমা বেগমের কাছে ২ লাখ টাকা দাবি করেন। না হলে মামলায় জড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়।

১৯ জানুয়ারি প্রথম আলোয় ‘হাতকড়া লাগিয়ে নির্যাতনের পর ক্রসফায়ারে হত্যার হুমকি?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।