প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা রয়েছে। আদালত কারণ দর্শাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। তারপরও প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে ব্যবস্থাপনা কমিটি। এ জন্য যথাযথভাবে সভাও করা হয়নি। যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমান দাবি করেন, সঠিক নিয়ম মেনেই প্রধান শিক্ষক নিয়োগ অনুমোদন করা হয়েছে। ‘এ ব্যাপারে পরে কথা বলব’, এ কথা বলেই ফোন কেটে দেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কয়েকজন সদস্য গোপনে নিয়োগ বোর্ড গঠন করেন। যশোর শহরে অবস্থিত যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত ২৫ নভেম্বর নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এতে অনিয়ম ও অস্বচ্ছ প্রক্রিয়ায় মল্লিক আরাফাত হোসেনকে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়।
এ ঘটনায় ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সবুর উদ্দীন মোল্লা গত ১ ডিসেম্বর যশোরের সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এরপরও ৩ ডিসেম্বর ওই নিয়োগ অনুমোদনের জন্য ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়। কিন্তু সভা শুরুর পর এলাকার তিন শতাধিক নারী-পুরুষ বিদ্যালয়ের সামনে জড়ো হন। আদালতে রায় না হওয়া পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার দাবিতে কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাঁদের উদ্ধার করে। তখন নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
ব্যবস্থাপনা কমিটির দুজন সদস্য অভিযোগ করেন, গত শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সেখানে পুলিশের দুজন কর্মকর্তাসহ পুলিশের চারজন সদস্যকে ডেকে আনা হয়। ফলাফল ঘোষণার পর দুপুরে পুলিশের উপস্থিতিতে বিদ্যালয়ের অফিসকক্ষে পরিচালনা কমিটির কয়েকজন সদস্য সভায় বসেন। এতে সভাপতি লুৎফর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনেশ কান্তি মল্লিক, অভিভাবক সদস্য আকবর হোসেন, নাজমুল গাজী, কামাল শেখ ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন। সভায় প্রধান শিক্ষক নিয়োগ অনুমোদনের রেজল্যুশন তৈরি করা হয়। তবে এতে সভার তারিখ দেখানো হয় দুদিন আগের (২৯ ডিসেম্বর)।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য শেখ নুর আলম বলেন, ‘গত প্রায় এক মাসের মধ্যে কমিটির কোনো সভা হয়নি। এখন শুনছি ২৯ ডিসেম্বর সভা দেখিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। আদালতে মামলা থাকার পর কীভাবে তাঁরা নিয়োগ অনুমোদন করলেন, তা বোধ্যগম্য নয়।’
মামলার বাদী সবুর উদ্দিন মোল্লা বলেন, আদালত কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন। তারপরও প্রধান শিক্ষক পদে নিয়োগ অনুমোদন দিয়েছেন সভাপতি। বিষয়টি আদালতকে শিগগিরই জানাবেন তিনি।
এমনকি ছুটিতে থাকা ব্যবস্থাপনা কমিটির দুজন শিক্ষক প্রতিনিধির বাড়িতে গিয়ে রেজল্যুশনে সই করিয়ে আনা হয়। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির দুজন সদস্য বাড়িতে রেজল্যুশন খাতা দিয়ে আমার সই নিয়েছেন। ওই তারিখে মিটিং হয়েছে কি না, আমি জানি না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনেশ কান্তি মল্লিক বলেন, ‘২৯ ডিসেম্বর মিটিং ডাকা হয়েছিল। কিন্তু হয়নি। পরে শনিবার আগের তারিখ দেখিয়ে মিটিং করা হয়েছে। কমিটির সব সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। পরে সভাপতি অনুপস্থিত সদস্যদের সই করাতে রেজল্যুশন খাতা নিয়ে গেছেন। এখনো ফেরত দেননি।’