আদালতে মামলার পরও ব্যবসায়ীদের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকার পরও একটি বিপণিবিতান দখল করে মালামাল লুটে নিয়েছে প্রভাবশালীরা। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর অদূরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে এ ঘটনা ঘটে।ওই বিপণিবিতানের সিদ্দিকীয়া স্যানেটারির মালিক রবিউল আউয়াল বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে গাজীরচট এলাকার নূরে আলম সিদ্দিকী শতাধিক সন্ত্রাসী নিয়ে তাঁর দোকানসহ বিপণিবিতানের আরও দুটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকানের মালামাল তছনছ করে বাইরে ফেলে দেয়। লুট করে নিয়ে যায় অনেক মালামালসহ ৫৫ হাজার টাকা। রবিউল বলেন, তাঁর দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল। ওই মালামালের কিছুই তিনি পাননি। তাঁকে দোকানের কাছেই যেতে দেওয়া হচ্ছে না। থানায় বারবার ফোন করার পরও পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়নি। এ ব্যাপারে তিনি গতকাল আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।বিপণিবিতানের মালিক সোলায়মান আলী বলেন, ১৯৮৭ সালে তিনি বাইপাইল মৌজার মধ্য গাজীরচট এলাকায় পাঁচ কাঠা পরিমাণের ওই জমিটুকু কেনেন। এর পর থেকে ওই জমি তাঁর দখলেই আছে। বছর দশেক আগে তিনি সেখানে বিপণিবিতান করে রবিউল আউয়াল, শামীম হোসেন ও মো. জামান নামের তিন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। আরএস রেকর্ডসহ সর্বশেষ বিএস রেকর্ডও তাঁর নামেই হয়েছে বলে তিনি জানান। সোলায়মান বলেন, ‘২০০৪ সালে আমার নামে একটি ভুয়া আমমোক্তারনামা (নকল সোলায়মান সাজিয়ে) তৈরি করে ওই জমি সিরাজুল ইসলামের কাছে সাবকবলায় বিক্রি দেখানো হয়। সিরাজুল আবার আমমোক্তারনামা করে দেন পনির আহমেদকে। নূরে আলম সিদ্দিকী গত ৭ আগস্ট পনির আহমেদের কাছ থেকে ওই জমি সাবকবলামূলে কেনেন। সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এসব দলিলাদি তৈরি হয় অবৈধভাবে। কোনো কাগজপত্র খতিয়ে দেখা হয়নি। সোলায়মান বলেন, ২০০৪ সালে ভুয়া আমমোক্তারনামার বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি ঢাকার ১৪তম জজ আদালতে মামলা করেন। ওই মামলা এখনো বিচারাধীন, যা আশুলিয়া থানার পুলিশও জানে। এর পরও গতকাল ওই জমি অবৈধভাবে দখল করেন নূরে আলম।মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মহিউদ্দিন স্বপন বলেন, দখলদার অবৈধভাবে দখলে থাকলে আদালতের নির্দেশনা ছাড়া তাঁকে উচ্ছেদ করা যাবে না। কাউকে উচ্ছেদ করতে হলে আদালতের নির্দেশেই উচ্ছেদ করতে হবে। এ প্রসঙ্গে নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ক্রয়সূত্রে আমি ওই জমির বর্তমান বৈধ মালিক। বারবার বলার পরও ভাড়াটেরা আমার জমি ছেড়ে না দেওয়ায় গতকাল তাদের উচ্ছেদ করেছি।’ এ ক্ষেত্রে আদালতের কোনো নির্দেশনা ছিল না বলে তিনি স্বীকার করেন। যোগাযোগ করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম খান বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধে গতকাল ভোরে একপক্ষ ওই জমির দখল নিয়ে দোকান থেকে ব্যবসায়ীদের মালামাল বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের তাড়িয়ে দেয়। এসআই বলেন, আদালতের নির্দেশনা ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না। তাই গতকাল যারা দখলের চেষ্টা চালায় তাদের আদালতের মাধ্যমে উচ্ছেদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেন তিনি। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে এসআই নাজমুলের কথার মিল পাওয়া যায়নি। দোকানসহ ওই বিপণিবিতান নূরে আলম সিদ্দিকীর দখলেই থাকতে দেখা যায়। এ ব্যাপারে এসআই নাজমুল বলেন, ‘এমন তো হওয়ার কথা নয়।’ তিনি ভুক্তভোগী ব্যবসায়ীদের তাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।