আদালতে মায়ের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরি ফার্মে দুই সহোদরসহ একই পরিবারের তিন কিশোরের মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন দুই সহোদরের মা।

নিহত তিন কিশোর হলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উত্তরপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জীবন (১৭) ও নাসির উদ্দিন (১৬) এবং তাদের ফুপাতো ভাই শাহাদাত হোসেন (১৬)। গত ১৪ মে ভোরে লাশ উদ্ধারের পর পুলিশ প্রথমে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করে। জিয়াউর রহমান প্রান্ত ডেইরি ফার্মে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। এই ফার্মের একটি ভবনে জিয়াউর স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। জিয়াউরের স্ত্রী নাসরিন বেগম ও তাঁর আত্মীয় কেরু মানিক (৪০) গ্রেপ্তার হওয়ার পর জিয়াউর গত বুধবার তাঁদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।

র‌্যাব-৪ ও সাভার মডেল থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর র‌্যাব ও পুলিশ তিন কিশোরের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে নামে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার নীলফামারী থেকে দুই সহোদরের মা নাসরিন বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল গতকাল বৃহস্পতিবার ভোরে আমিনবাজার এলাকা থেকে কেরু মানিককে গ্রেপ্তার করে। এর আগে বুধবার ১৬৪ ধারায় ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা বেগমের আদালতে দেওয়া জবানবন্দিতে নাসরিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, একই এলাকায় বসবাসের সুবাদে বছর দুয়েক আগে কেরু মানিকের সঙ্গে নাসরিনের সম্পর্ক হয়। বিষয়টি ফাঁস হওয়ার পর মানিককে এলাকা থেকে তাড়িয়ে দেন নাসরিনের স্বামী জিয়াউর রহমান। এরপরও আত্মীয়তার খাতিরে জিয়াউরের বাসায় যাতায়াত করতেন মানিক। ঘটনার মাস তিনেক আগে নাসরিনের সঙ্গে মানিকের অনৈতিক সম্পর্ক দেখে ফেলে জীবন। এরপর থেকে মানিক জীবন ও তার ভাইকে হত্যার পরিকল্পনা করেন।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মাসুদুর রহমান বলেন, সম্পর্কের জের ধরে মানিক ও নাসরিন তিন কিশোরকে হত্যা করেছেন। আদালত ও তাঁদের কাছে দেওয়া জবানবন্দিতে তাঁরা এটা স্বীকার করেছেন।