বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, আদালতে এখনো মুখ দেখে বিচার ও অবিচার হয়। তিনি বলেন, বিচার হবে আইনের ভিত্তিতে, অনুরোধ বা মুখ দেখে নয়। বিচার করার সময় বিচারকদের মনে রাখা উচিত, তাঁদেরও একদিন বিচার হবে।গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বিনোদন পার্ক সোহাগপল্লীতে প্রগতিশীল ফোরামের উদ্যোগে আয়োজিত একটি বৃত্তি প্রদানমূলক আলোচনা অনুষ্ঠানে রফিক-উল হক এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন, মানবাধিকার ও মৌল অধিকার প্রতিষ্ঠা করতে হবে। রফিক-উল হক আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যাতে বিচারক নিয়োগ দেওয়া না হয়, সে জন্য একটা রুল হওয়া দরকার। কারণ এ প্রক্রিয়ায় বিচারক নিয়োগ হলে মানুষ কখনোই সঠিক বিচার পাবে না। বরং আজ এক দল, অন্যদিন আরেক দল সুবিধা ভোগ করবে।স্থানীয় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের প্রভাষক শহিদুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক সচিব আবু নাছির আহাম্মেদ, সাবেক এনবিআর সদস্য খোরশেদ আলম, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কর্নেল (অব.) আবদুল কাদের ও ডা. কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।