জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
আদালতে যাননি খালেদা অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার আদালতে যাননি। তাঁর অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত ২৫ মে সাক্ষ্য-জেরার জন্য দিন ধার্য করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। আবেদনে বলা হয়, খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি। এ মামলায় খালেদা জিয়ার পক্ষে নিযুক্ত আইনজীবীরা বার কাউন্সিল নির্বাচনে ব্যস্ত আছেন। এ ছাড়া মামলা দুটি বদলি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়ে খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশিদ সাক্ষ্য দেন। আদালত তাঁর আংশিক সাক্ষ্য গ্রহণ করে ২৫ মে পরবর্তী দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত মামলার আসামি সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের পক্ষে বাদী হারুন-অর-রশিদকে জেরা করা হয়। আদালত খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে জেরার জন্য ২৫ মে দিন ধার্য করেন। এ মামলার অপর দুই আসামি সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান পলাতক আছেন।
এর আগে ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন মাসুদ আহমেদ তালুকদার, ইকবাল হোসেন, সৈয়দ জয়নাল আবেদীন ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন, কবির হোসেন ও রফিকুল ইসলাম প্রমুখ।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় বাদী সাক্ষীকে দুই আসামির পক্ষে জেরা শেষ হয়েছে।