
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাজির হননি। তবে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন।
বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও কার্যক্রম চলছে।
আজকের শুনানিতে খালেদা জিয়া হাজির না হওয়ার কারণ হিসেবে তাঁর অসুস্থতার কথা বলা হয়েছে। এ কারণ দেখিয়ে তাঁর পক্ষে আদালতে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আজ সাক্ষ্য প্রদানকারী তিনজন হলেন পূবালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ এম ইসমাইল, জনতা ব্যাংকের ঢাকা অফিসের উপব্যবস্থাপক মো. মকবুল আহমেদ ও জনতা ব্যাংকের সাত মসজিদ রোড শাখার প্রথম সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফাহমিদা রহমান। এখন পর্যন্ত চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এদের সাক্ষ্যগ্রহণের আগে এই মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তাঁর আইনজীবী আমিনুল ইসলাম মামলার দুজন সাক্ষী ইনসান উদ্দিন ও মো. শাহজাহানকে জেরা করেন।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, দ্রুততার সঙ্গে এই মামলার কার্যক্রম শেষ করার চেষ্টা হচ্ছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।
আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।