আদালতে যাবে নাগরিক ঐক্য
সরকার সভা-সমাবেশের কর্মসূচি করতে না দিলে আদালতে যাবে নাগরিক ঐক্য। এ ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। চলমান রাজনৈতিক সংকট নিয়ে এ মতবিনিময় সভা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের দাবিতে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণ-অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। কিন্তু এখন পর্যন্ত কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেলে আদালতে রিট করা হবে।
মান্নার ভাষ্য, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এ ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য প্রধানত সরকার দায়ী। কারণ, তারা ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন না করলে এই সংকট তৈরি হতো না।