আদালতে রনি, জামিন আবেদনে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি জামিন আবেদন করেছেন। মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি শেষ হয়েছে। আদালত পরে আদেশ দেবেন।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রনিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে আনা হয়। তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
রনির আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করলে মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হয়। আদালত পরে আদেশ দেবেন।
সাংবাদিক পেটানোর মামলায় গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন রনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালী-৩ আসনের এই সাংসদকে গ্রেপ্তার করে।
এর আগে গতকাল ঢাকা মহানগর হাকিম তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মীকে মারধর করেন গোলাম মাওলা। মারধরের শিকার সংবাদকর্মীরা হলেন প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলীকে হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গতকাল জামিন বাতিলের আবেদন করেন হত্যাচেষ্টা মামলার বাদী ইউনুছ আলী। আবেদনে বলা হয়, সাংসদ গোলাম মাওলা জামিন পাওয়ার পর বাদীকে ফোনে হুমকি-ধামকি দিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করে সাংসদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে।

রাষ্ট্রপক্ষে সহকারী পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন বলেন, আসামি গোলাম মাওলা হুমকি দিয়েছেন বলে সত্যতা মিলেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন বাতিল করা প্রয়োজন।

গোলাম মাওলার আইনজীবী কবির হোসাইন আদালতকে বলেন, ‘জামিন বাতিল করতে হলে আদালত থেকে নোটিশ দিতে হবে। আইনজীবী হিসেবে আমাকে নোটিশ করা হয়েছে, কিন্তু গোলাম মাওলাকে করা হয়নি। পুলিশ যে প্রতিবেদন দিয়েছে, এতে হুমকির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।’ গোলাম মাওলার পক্ষের অপর আইনজীবী ওমর ফারুক বলেন, এই মামলায় গোলাম মাওলা ৪ আগস্ট পর্যন্ত জামিনে আছেন। তার আগে জামিন বাতিল করার সুযোগ নেই।

শুনানি শেষে বেলা দুইটার দিকে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ গোলাম মাওলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর দেড় ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়। সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল গোলাম মাওলাকে আদালতে হাজির করা হয়নি। আজ তাঁকে আদালতে হাজির করা হয়।