
সিলেটে শিশু সামিউল ইসলাম রাজনকে পিটিয়ে হত্যার পর লাশ গুম চেষ্টার ঘটনা এবার আদালতে বর্ণনা করলেন মামলার অন্যতম আসামি আলী হায়দার ওরফে আলী (৩৪)। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেট মহানগর হাকিম (প্রথম) আদালতের বিচারক শাহেদুল করিম তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে পাঁচজন জবানবন্দি দিয়েছেন।
আলী হায়দার মামলার প্রধান আসামি মুহিত আলম ও পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলামের ভাই। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত শুক্রবার দুপুরে কুমারগাঁও থেকে জনতা তাঁকে আটক করে পুলিশে দেন।
শনিবার আদালত আলীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাঁকে আজ বেলা তিনটার দিকে আদালতে হাজির করা হয়। পরে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তিনি তাঁর জবানবন্দিতে শিশু সামিউল হত্যার পর লাশ গুম চেষ্টার ঘটনা বর্ণনা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, জবানবন্দিতে আলী সামিউলকে নির্যাতন শুরুর সময় ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে জানান। চোর আটকের কথা বলে ছোট ভাইয়ের (কামরুল) ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে কামরুলের সঙ্গে মারধরে অংশ নেন বলেও স্বীকার করেন তিনি।
গত ৮ জুলাই শিশু সামিউলকে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তাকে নির্যাতন করার ২৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিওচিত্র এলাকাবাসীর মাধ্যমে গত ১০ জুলাই প্রথম আলোর সিলেট কার্যালয়ে পৌঁছালে ১২ জুলাই ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই দিনই ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ওইদিন মুহিত ধরা পড়লেও হত্যাকাণ্ডে জড়িত অন্যরা ছিলেন পলাতক। পরে জনতা একে একে ধরিয়ে দেন আসামিদের।
এ পর্যন্ত চৌকিদার ময়না মিয়া, মুহিত, ভিডিও ধারণকারী নূর আহমদ, নির্যাতনের সময় উপস্থিত দুলাল আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: মুহিতের জবানবন্দিতে লাশ গুম চেষ্টার বর্ণনা
সামিউল হত্যা মামলার আরও দুই আসামি রিমান্ডে
নির্মম, পৈশাচিক!