সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনের মধ্যে শাহ আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার জেলা বিচারিক হাকিম আদালতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। অপর দুই আসামির মধ্যে মো. ইলিয়াসের পাঁচ দিনের এবং দিল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার গভীর রাতে পুলিশ চট্টগ্রাম ও সাতকানিয়ার বিভিন্ন স্থান থেকে শাহ আলম, ইলিয়াস ও দিল ইসলামকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ এ ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে মাহমুদুল হক ও আবদুল জলিল এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্র জানায়। এদিকে নলুয়া ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে সাতকানিয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। কিন্তু দলীয় জ্যেষ্ঠ নেতা এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পর সে মিছিল বন্ধ হয়ে যায়।অন্যদিকে হত্যাকাণ্ডের সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ গতকাল রাতে প্রথম আলোর চট্টগ্রাম অফিসের কাছে এসে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেন, তিনি আত্মগোপন করেননি। চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। তিনি বলেন, নুরুল আবছারের জানাজায় অংশ নিতে গেলে সেখানে কিছু ‘দুর্বৃত্ত’ তাঁর ওপর হামলা করে এবং তাঁর মুঠোফোন কেড়ে নেয়। এরপর তিনি তাঁর মুঠোফোনের সিম কার্ড তোলেননি।তিনি নুরুল আবছার হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত দাবি করে বলেন, ‘তাঁরা নিজেদের সংশ্লিষ্টতা থেকে প্রশাসন ও জনগণের নজর এড়াতে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে।’সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত এই ঘটনা-সংক্রান্ত একটি খবরে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনার বরাত দিয়ে যে বক্তব্য ছাপানো হয়েছে, তা তাঁর বক্তব্য নয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের অনুসন্ধান ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা থেকে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে, তা ভুলবশত নুরে আলম মিনারের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।