আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধাকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় একজন মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা হলেন ইউনিয়নের সেন্দ গ্রামের ধন মিয়া (৬০)। একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে মুক্তিযোদ্ধা ধন মিয়ার ভাতিজা আবু সাঈদ তাঁদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরতে গেলে পুকুরের অংশীদার প্রতিবেশী আবুল কালাম তাঁকে বাধা দেন। একপর্যায়ে আবুল কালামের ছেলে ওসমান মিয়া ধারালো দা দিয়ে সাঈদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আবু সাঈদের বাবা হাসিম মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। এ মামলার সাক্ষী করা হয় হাসিম মিয়ার বড় ভাই মুক্তিযোদ্ধা ধন মিয়াকে। ওই মামলার সাক্ষ্য দেওয়ার জন্য ধন মিয়া ও তাঁর ছোট ভাই মামলার বাদী হাসিম মিয়া গতকাল আদালতে যাওয়ার পথে আবুল কালামের লোকজন বিজেশ্বর এলাকায় তাঁদের ধাওয়া করে। তারা ধন মিয়াকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দৌড়ে গিয়ে প্রাণে বেঁচে যান হাসিম মিয়া।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, মামলা নিয়ে বিরোধের কারণে মুক্তিযোদ্ধা ধন মিয়া খুন হয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।