আদালতে সাক্ষ্য দিলেন শিশু জিহাদের বাবা

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তার বাবা নাসির উদ্দিন ফকির। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করেন। আগামীকাল বুধবারও মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
ওই আদালতের পেশকার মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, জেহাদের বাবা আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ বাদীকে জেরা করছেন।
এর আগে ৪ অক্টোবর মামলার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউসের মালিক শফিকুল ইসলাম, রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জাফর আহমেদ ও দীপক কুমার ভৌমিক।
গত ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০৪-এর ক ধারায় মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযোগপত্র দেয়।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলার সময় দেড় ফুট ব্যাসের পাইপে পড়ে যায় জিহাদ। শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ওই পানির পাম্প বসানোর কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউস। ওই প্রতিষ্ঠান যে গভীর পাইপটি স্থাপন করেছিল, তার মুখে কোনো নিরাপত্তামূলক ঢাকনা ছিল না। ফায়ার সার্ভিস ২৩ ঘণ্টা চেষ্টা করেও শিশু জিহাদকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরদিন একদল উদ্যমী তরুণের চেষ্টায় জিহাদকে উদ্ধার করা হয়।